কাবুলের ন্যাশনাল আর্কাইভ (জাতীয় আর্কাইভ) পরিদর্শনের সময় আফগানিস্তানের ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং আর্কাইভের নথিপত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মিরদিফ আল-কাশৌতি।
বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় আর্কাইভে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। সেখানে আফগান কর্মকর্তারা এই প্রতিষ্ঠানের সংগ্রহশালার ঐতিহাসিক গুরুত্বের বিষয়টি তুলে ধরেন।
জাতীয় আর্কাইভের প্রধান ওবায়দুল্লাহ হানিফ জানান, এই প্রতিষ্ঠানে ঐতিহাসিক নথিপত্র, পাণ্ডুলিপি এবং সাংস্কৃতিক নিদর্শনের এক সমৃদ্ধ সংগ্রহ রয়েছে, যার অনেকগুলোই জরুরি ভিত্তিতে পুনরুদ্ধার এবং সংরক্ষণ করা প্রয়োজন।
আফগানিস্তানের এই ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও বেশি সহযোগিতা ও সহায়তার আহ্বান জানান হানিফ।
পরিদর্শনকালে কাতারি রাষ্ট্রদূত আর্কাইভের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র ও নিদর্শনগুলো সম্পর্কে প্রযুক্তিগত কর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।
আফগানিস্তান ও কাতারের কর্মকর্তারা দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেন। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আমানুল্লাহ নাবিল
হাআমা/
