৩৬নিউজ ডেস্ক: কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। আচমকা এই পদত্যাগের নেপথ্যে সুনির্দিষ্ট কারণ নিয়ে ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন থাকলেও এতদিন বিষয়টি পরিষ্কার ছিল না। অবশেষে পাকিস্তানভিত্তিক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘পাকপ্যাশন ডট নেট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সরে দাঁড়ানোর আসল কারণ ব্যক্ত করেছেন তিনি। মূলত নিজ পরিবার এবং আট বছর বয়সী কন্যাসন্তানকে পর্যাপ্ত সময় দিতেই টাইগারদের ড্রেসিংরুম বিদায় জানান এই সাবেক অজি স্পিডস্টার।
সাক্ষাৎকারে নিজের আচমকা পদত্যাগের প্রসঙ্গে টেইট স্বীকার করেন, হুট করে দায়িত্ব ছেড়ে দেওয়াটা বাইরে থেকে দেখতে কিছুটা অদ্ভুত লাগতেই পারে। অনেকের মনে হতে পারে তিনি দলকে মাঝপথে ফেলে চলে যাচ্ছেন কিংবা ভক্তদের প্রত্যাশা ভঙ্গ করছেন, কিন্তু বিষয়টি আসলে মোটেও তেমন নয়। টেইট জানান, বাংলাদেশ জাতীয় দলের সাথে তিনি এক বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের কোচিংয়ের কাজে বছরের প্রায় ১০ মাসই বাড়ির বাইরে কাটাতে হয়, যার কারণে নিজের পরিবার ও অস্ট্রেলিয়ায় থাকা আট বছর বয়সী মেয়েকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। হুট করে নয়, বরং বেশ কিছু দিন চিন্তা-ভাবনার পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে বিকল্প কোনো উপায়ে চুক্তি বজায় রাখা যেত কি না—এমন প্রশ্নের উত্তরে সাবেক এই ফাস্ট বোলার জানান, দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে কিছুটা প্রাথমিক আলোচনা হয়েছিল এবং তিনিও বিষয়টি নিয়ে কথা বলতে প্রস্তুত ছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো ফলপ্রসূ সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে টেইট স্পষ্ট করে জানান, পারিবারিক বাধ্যবাধকতার কারণে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘমেয়াদি দায়িত্ব ছাড়লেও খেলাটির সঙ্গেই যুক্ত থাকতে চান তিনি। ভবিষ্যতে সুযোগ এলে তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ কিংবা কোনো নির্দিষ্ট একটি সংস্করণে (যেমন শুধু টি-টোয়েন্টি বা ওয়ানডে) স্বল্পমেয়াদি কোচ হিসেবে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
টিএইচএ/
