গণভোটের গণরায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা শাখার যৌথ উদ্যোগে শনিবার বাদ আসর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা, এরশাদনগর, হোসেন মার্কেট ও চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নুর মোহাম্মদ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শাকের এবং পশ্চিম থানা জামায়াতের আমির মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া। এছাড়া পূর্ব থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকবাল মাহমুদ, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মো. মাইনুল ইসলাম, মর্তুজা হাসান ফুয়াদ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি নূর মোহাম্মদ ও সেক্রেটারি সাইফুল্লাহসহ স্থানীয় জামায়াত-শিবিরের অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, জুলাই আন্দোলনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্দোলনের মূল দাবিগুলো উপেক্ষিত রয়ে গেছে। জাতীয় নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আসলেও সাধারণ মানুষ যে ন্যায়বিচারের প্রত্যাশা করেছিল তা মেলেনি। বর্তমানেও সরকারের কোনো সিদ্ধান্তের প্রতিবাদ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বর্তমান প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই জুলাই শহীদদের অবদান আজ ভোলা যাবে না। অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। জনগণের সুনির্দিষ্ট দাবি ও সংস্কারের রূপরেখা বাস্তবায়ন না করা হলে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ আবার রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
টিএইচএ/
