বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ (২৩ আগস্ট ২০২৫) এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, ভোলার দৌলতখান উপজেলায় সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিন লিটন এবং ভিডিও জার্নালিস্ট উৎপল দেবনাথের ওপর একটি বৃহৎ রাজনৈতিক দলের স্থানীয় এক নেতা ‘মব’ সৃষ্টি করে প্রকাশ্যে হামলা চালিয়েছেন। সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে মারধর করা হয়, তাদের ক্যামেরা ভাঙা হয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
মাওলানা জালালুদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করার চেষ্টা। এ ধরনের বর্বরোচিত ও আইনবহির্ভূত কর্মকাণ্ড ঘৃণ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। আমরা হামলার নিন্দা জানাই এবং ভুক্তভোগী সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা একটি নৈতিক ও আইনি দায়। প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা আর না ঘটে।
হাআমা/
