চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন, কোনো নেতাকর্মী জমি দখল বা সালিশি বাণিজ্যে জড়ালে তার পদ থাকবে না। তিনি মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) হাইমচর উপজেলা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “আমরা জনগণের জন্য কাজ করার জন্য নির্বাচিত হয়েছি, কোনো ব্যক্তির স্বার্থে নয়। হাইমচরে এখন থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সরাসরি ‘অ্যাকশন’ শুরু হয়েছে। নেতারাই জনগণের দোরগোড়ায় যাবেন এবং প্রতিটি উন্নয়নমূলক কাজ হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত।”
তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, “কোনো সন্ত্রাসীর তদবির শুনবেন না। অপরাধীর কোনো দল নেই। আপনারা নির্ভয়ে আইন প্রয়োগ করুন, আমি আপনাদের পাশে আছি।”
উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাইমচর থানা পুলিশের পক্ষ থেকেও অফিসার ইনচার্জ (ওসি) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সভাপতিত্ব করেন মো. আমিন উল্লাহ বেপারি। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, মনির চৌধুরী, মোহাম্মদ নাজমুল হাসানসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচিত হওয়ার পরপরই নিজ দলের কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা চাঁদপুরের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর আগে বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের কর্মীদের পুলিশে সোপর্দ করার ঘটনা তাঁকে জাতীয়ভাবে আলোচনায় এনেছিল।
এমএআর/
