চট্টগ্রাম-এর রাউজান উপজেলায় আবদুল মজিব (৫৭) নামে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে ইউনিয়ন পরিষদের পাশেই এ ঘটনা ঘটে।
নিহত মজিব পূর্বগুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মোনাফের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি বিয়ের ঘটক হিসেবেও পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মজিবের সঙ্গে দুইজনের কথা কাটাকাটি হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর দুর্বৃত্তরা ফিরে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মো. আনোয়ার বলেন, “আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি যুবদল করতেন এবং গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।”
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন। নিহতের সঙ্গে দুইজনের কথা কাটাকাটির ঘটনা ঘটেছিল। পরে তারা ফিরে এসে গুলি করে পালিয়ে যায়। সন্দেহভাজনদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএআর/
