একসময়ের মিত্ররা এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ!

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে নাটকীয় পরিবর্তন এসেছে। একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোর একটি বড় অংশই এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নির্বাচনি মাঠে নেমেছে। জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ, এলডিপিসহ একাধিক দল এবার বিএনপির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে — জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতায় একই ব্যানারে।

বিজ্ঞাপন
banner

গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানান, এলডিপি ও এনসিপিসহ কয়েকটি দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতায় যুক্ত হয়েছে। রাতে আলাদা সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এই জোটে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এই সিদ্ধান্ত ঘিরে এনসিপির ভেতরে তীব্র মতভেদ দেখা দিয়েছে। দলের কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা পদত্যাগ করেছেন এবং অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

যুগপৎ আন্দোলনের শরিকরাই এখন প্রতিপক্ষ

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যারা বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিলেন, তারাই এখন ভিন্ন জোটে গিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জামায়াতের নেতৃত্বাধীন এই নির্বাচনি সমঝোতায় বর্তমানে রয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এলডিপি, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি— মোট ১০টি দল। এই জোটের অধিকাংশ দলই অতীতে বিএনপির রাজনৈতিক মিত্র ছিল।

অন্যদিকে বিএনপির দলীয় সূত্রগুলো বলছে, স্থানীয় পর্যায়ে সংগঠনগত দুর্বলতা ও ভোটের বাস্তব সমীকরণের কারণেই অনেক ছোট দল বিএনপির প্রতীকের অধীনে নির্বাচনকে নিরাপদ পথ হিসেবে দেখছে। ফলে একদিকে বিএনপির চারপাশে কিছু দল একীভূত হচ্ছে, অন্যদিকে যুগপৎ আন্দোলনের পুরোনো শরিকদের একটি অংশ দূরে সরে যাচ্ছে।

পাল্টে যাওয়া রাজনৈতিক সমীকরণ

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনের বড় বৈশিষ্ট্য হচ্ছে — সরকার বনাম বিরোধীর চিরাচরিত বিভাজনের পাশাপাশি বিরোধী শিবিরের ভেতরেই বড় ধরনের পুনর্বিন্যাস। একসময় যারা একই মঞ্চে দাঁড়িয়ে আন্দোলন করেছে, তারাই এখন ভোটের মাঠে একে অপরের প্রতিপক্ষ।

সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে পুরোনো মিত্রতা ভেঙে নতুন জোট গড়ে উঠছে। আর এই বদলে যাওয়া সমীকরণের কেন্দ্রেই রয়েছে বিএনপি — একদিকে দলটি নতুন শরিক টানছে, অন্যদিকে হারাচ্ছে পুরোনো সঙ্গীদের।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222