জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় বলেন, অব্যাহত ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে লাখো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। কোথাও কোথাও পাহাড়ধস ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও অত্যন্ত মর্মান্তিক। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব পরিবারের জন্য আমরা মহান আল্লাহ তাআলার রহমত কামনা করছি এবং নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।
তারা বলেন, এ দুর্যোগে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মী, আলেম-ওলামা, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন দাতব্য সংস্থা এবং দেশবাসীকে সাধ্য অনুযায়ী ত্রাণসামগ্রী, খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবতার এই সংকটে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই সময়ের দাবি।
নেতৃদ্বয় আরও বলেন, পানিবন্দি মানুষ উদ্ধার, আশ্রয়, চিকিৎসা, নিরাপদ খাবার ও পর্যাপ্ত ত্রাণ বিতরণে সরকারকে আরও দ্রুত, কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্গম এলাকায় জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নৌযান, চিকিৎসা ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তারা দেশবাসীর প্রতি বেশি বেশি তওবা, ইস্তিগফার, দোয়া এবং আল্লাহ তাআলার রহমত কামনার আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য শিক্ষা ও পরীক্ষাস্বরূপ। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং বিপদগ্রস্ত মানুষের সেবায় আত্মনিয়োগের মাধ্যমেই আমরা এ দুর্যোগ মোকাবিলা করতে পারি। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সকল প্রকার বিপদ-মুসিবত থেকে হেফাজত করুন। আমিন।
