পাবনা-৩ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরাত হোসেন (২২) নামে এক জামায়াত কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ থাকার কথা ছিল। তবে বরাত হোসেন সকাল ১০টার দিকে নিজের গ্রামে জামায়াত প্রার্থীর ছবি ও ভোটার নম্বর সম্বলিত স্লিপ বিতরণ করতে থাকেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে জরিমানা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি ২০২৫ এর ৮(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে ২৭(ক) ধারায় বরাত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হলো।”
এমএআর/
