রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মো. মাহবুবার রহমানের গাড়ি আটকে ‘দোসর’ স্লোগান দিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর সরেয়ার তল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান অভিযোগ করে বলেন, “নির্বাচনকালীন পরিবেশ অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।” তিনি জানান, এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা তার গাড়ি ঘিরে ধরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছড়াচ্ছিল।
অন্যদিকে, এনসিপি প্রার্থী আখতার হোসেন দাবি করেন, সকাল থেকে জাতীয় পার্টির প্রার্থী ভোটারদের কাছে টাকা বিতরণ ও গণসংযোগ করছেন। সাধারণ জনগণ তাকে আটকালে জাতীয় পার্টির কর্মীরা ঘটনাস্থলে এসে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের অবরুদ্ধ করেছেন।
পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল বলেন, “ঘটনার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই।”
রংপুর মাহিগঞ্জ থানার কর্মকর্তা ওসি মাইদুল ইসলাম জানান, দুই দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। একজনকে আটকিয়ে রেখেছিল লাঙল প্রতীকের লোকেরা। সেনা ও পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএআর/
