ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের থানা রোডস্থ অফিসে এ ঘটনা ঘটেছে।
হামলায় আহতরা হলেন- কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালিব জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার সকালে ধানের শীষের কয়েকজন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে, এবং চারজনকে গুরুতর আহত করে। ঘটনাস্থলে পুলিশ ঘণ্টাখানেক পরে পৌঁছায়। আহতদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। সবচেয়ে গুরুতর আহত ইবন হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ জানান, নির্বাচনের পরপরই তার অফিসে হামলা হয়েছে। হামলার দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। এই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ছে এবং এভাবে চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তিনি অবিলম্বে থানার ওসি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএআর/
