পাবনা-৩ ও পাবনা-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’ এবং ‘ভোট গণনা বাতিল করে পুনর্গণনা করতে হবে’—এমন বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে পুলিশ, বিজিবি ও অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়।
প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বিএনপি নেতারা কর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে জামায়াতের আবু তালেব মন্ডল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।
অন্যদিকে, পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতের মাওলানা আলী আজগার। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
এমএআর/
