ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে এক জামায়াতকর্মীর দোকান ভাঙচুরের ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদলের ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মো. আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত-সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, জামায়াতকর্মীর দোকান ভাঙচুরের ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
