চিফ রিপোর্টার : রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা, ইবাদত ও আত্মশুদ্ধির পর মুসলমানদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ ও কৃতজ্ঞতার এ মাহেন্দ্রক্ষণে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের জামাতে শরিক হতে প্রস্তুত। এ প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোথায় ঈদের নামাজ আদায় করবেন, তা জানা গেছে।
দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ভারতে অবস্থিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তিনি সেখানে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররেসিন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী-এর সঙ্গে ছাত্তা মসজিদে ইতিকাফে অবস্থান করছেন।
সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী নিজ এলাকা হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদের জামাতে অংশ নেবেন। অপর সহ-সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাভারের হাবিবনগর ঈদগাহ ময়দানে ইমামতি করবেন।
মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারীর ডোমার এলাকায় ঈদের নামাজের ইমামতি করবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া রাজধানীর মিরপুর গোলারটেক ঈদগাহে নামাজ আদায় করবেন।
এছাড়া যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বারিধারা মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন। সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে এবং প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের হরষপুর ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেবেন।
দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের জামাতে শরিক হবেন এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেতৃবৃন্দ দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
হাআমা/
